শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

উদভ্রান্তি

'জীবনের অচেনাদের
একটি-একটি ক'রে, অথবা একটু-একটু ক'রে
চিনে নিতে হবে ব'লে, বাড়াতে হবে
দিকভ্রান্ত পা - যে কোনও সহজ-লভ্য পথে', 
বা ভাসিয়ে দিতে হবে নিজেকে নিয়ন্ত্রণহীন -
এরকম কথা ছিল না আদপে কোনদিন ।

উদাসীন মানে - 'অনুভবহীন, চেতনা-বিহীন
ও প্রত্যুৎপন্নমতি নয়' - এমনটাও নয় ।

আপন চিরাচরিত বিশ্বাসের অগোচরে
লক্ষ্যের রথ থেকে স্বেচ্ছায় নেমে পড়ে
ভিনদেশী পথের ধুলো 
মাখতেই হবে সারা গায়ে-পায়ে,
সাময়িকে হলেও
অন্ধ হতেই হবে ধুলো কচলে চোখে,
এমন হাস্যকর দাবী 
করেনি জীবন এ-অবধি ভুল ক'রে ।