শনিবার, ১২ নভেম্বর, ২০২২

আলো

বাড়িতে বসে বিদ্যুৎশক্তি পাও
প্রয়োজনানুসারে ব্যবহারে,
পাওয়ার প্ল্যান্ট অনেকটা দূরে
চুম্বকের উত্তর আর দক্ষিণ মেরুকে
পাশাপাশি এনে, মিলতে না দিয়ে,
দুইয়ের মাঝ বরাবরে
সুপরিবাহীকে বারংবার 
প্রবল গতিতে আবর্তিত করে ব'লে ।
পদার্থবিজ্ঞান ডায়নামো বলে তাকে ।

বিপরীত বক্তব্যে অসংগতি খোঁজো ?
বিপরীত ধারণাদের পাশাপাশি এনে
আপন চিন্তনে 
দ্বন্দ্ব না যদি জাগাতে পারো তীব্রতরে, 
তবে সত্যের সহসা ঔজ্জ্বল্য
তোমাতে সহাস্য প্রতিভাত হওয়ার
সুযোগটুকু পাবেই বা কী করে ?

না না, এমনটা ঠিক না । 
এ মন বড় মাসুম । 
পাখির বুকের মত নরম ।
তাকে এমন কঠিন প্রশ্ন করো না ।
বরং বাঁচুক জন্মান্ধ অন্ধকারে ।
সরলতা বুঝি 
বাস্তবের কষাঘাত সইতে পারে ?
.

চাতাল-চুম্বন

পাহাড়র অনাবিল ঔদ্ধত্য বেয়ে 
তরতরিয়ে নেমে এলে 
সমতলের নিরাপদ সফরে ।

অতঃপর, ফের সেই আটকেই গেলে
গভীর ঘূর্ণীতে, নাভিমূলে ।
ঘনজঙ্গল যদিও নিবিড় অপেক্ষায় ছিল
তার যৎসামান্য পরেই ।

আগেই সর্পিল ভয়ে দমে গেলে,
পাতার আড়ালে লুকোনো 
দেদার ঝরণায় 
অনুরাগের বিলম্বিত লয়ে
ক্রমশ মাতাল হতে হতে
পাতাল-অবগাহন 
করবে আর কী করে ?