শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
সকলে অন্ধ নয়
'অবধারিত'
দেখতে অনেকটা বুলডোজারের মত ।
সে কখন আসবে কেউ জানে না ।
তবে যখন এসে পড়ে,তখন আর
সাময়িক ও ক্ষণস্থায়ীদের
পালাবার কোনও উপায় থাকে না ।
'অবধারিত' যখন অহমিকাকে
ভেঙে, গুঁড়িয়ে, অথবা ছিন্নভিন্ন করতে থাকে,
তখন এযাবৎ চর্চিত 'আমি কী হনু'-দের
আচমকা অসহায়ত্ব দেখে
বড্ড মায়া করে আর হাসিও পায় ।
শুধু অহমিকা নয়,
কামনা-বাসনাদের অবস্থাও তথৈবচ তখন ।
ষোলোআনা আহ্লাদী ইচ্ছাদের
আর তদজনিত বহুমুখী কারুবাসনাদের
বর্ধমান বর্তমান থমকে থেমে গিয়ে
নিশ্চল হওয়া বিনা
কাজ থাকে না আর কোনও ।
'অবধারিত' সামনে এসে দাঁড়ালে
ক্রোধ, লোভ, মাতলামি, ঈর্ষা,
ইত্যাদি প্রবৃত্তিদের যতসব ভয়ঙ্কর সখ
নিমেষে ছুটে গিয়ে
সুস্থ পরিবেশের পুনরুদ্ধার
অনায়াস হতে শুরু করে ।
এ জগতে কিছু ভক্ত-প্রহ্লাদ চিরকাল আসে ।
তাদের স্থৈর্য ও বিনম্রতার সামনে পৌঁছালে
'অবধারিত' বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়ে,
মিটিমিটি হাসে
আর সময় স্থিরচিত্র হয়ে থেমে যায় ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)