রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

পরিচলন

তোমার নিজের হাতে গাঁথা মালাদের 
কত প্রকার সুগন্ধী সহকারে
কতজনের নির্জন হৃদিবন্দরে
অবাধে ভেসে যাওয়ার কথা ছিল !
শুষ্কতারা না চাইতেই অবগাহন তো পেতো ।
অথচ তেমন সহজ, সিধে, শঙ্কাহীন গ্রাহক
কেন একজনেরও দেখা মিললো না ?

তোমার ইজেলে 
কবে থেকে জমিয়েছিলে
একশো সাতচল্লিশ রকমের রঙ ।
যত এঁকেছিলে, আঁকতে পারতে 
তারপরে অন্তত আরও একশো গুণ বেশি ।
এঁড়ে প্রজাতির এমনই অগতি,
সাতটি বাঁধা রঙের বাইরে, তার নজরে
আর একটিও নূতন রঙ তবু
কোনওমতে দৃষ্টান্ত হতে পারলো না ?

বাধ্যই কি তোমার 
ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা 
ব্যাকুল সুদূরের দৃষ্টিরা
কাঁধে তুলে নিল তাই নৈঃশব্দ্যের বরাভয়,
এক জনমের 
দুশো সাতষট্টি এপিসোডে পরিবেশিত
সম্পূর্ণ মহাভারতের নিথর শব 
নির্বিবাদে বহন করার ?

ভালবাসা ও যৌনতা

নারী ও পুরুষ একে অপরের প্রতি
যৌন আকর্ষণ বোধ করবে -
এ তো স্বভাবসিদ্ধ ও স্বাস্থ্যসম্মত ।

তবে যৌন আকর্ষণ বললেও,
সেখানে নিছকই 
যৌনতা-উদযাপন থাকতে হবে,
আর সব কিছু শেষ অবধি গুরুত্ব হারাবে,
এটা আদপে সুন্দরের সর্ত নয় ।

বরং চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু
একে অপরকে স্পর্শ করা মাত্রেই
যেমন চৌম্বক ক্ষেত্রের শক্তি শেষ,
ঠিক তেমনিভাবেই, যৌনমিলন-মাত্রেই 
আকর্ষণ বৃদ্ধির যে অবধারিত ইতি
তথা আকর্ষণ হ্রাসের শুরু,
এ সত্য মানতেই হবে ।

অথচ, একমাত্র আকর্ষণ বৃদ্ধির সাথেই
আত্মসৃষ্টি ও অনুভবের গভীরতা
প্রায় সমানহারে বাড়ার সুযোগ থাকে ।

যৌনমিলন এই সুযোগটিকে সংহার করে ।
ফলতঃ, যৌনতায় ফেঁসে,
কারও প্রেম, আকর্ষণ খুইয়ে,
পাঁচ দিনেই পালটি খায়,
কারও পাঁচ মাসে,
আবার কারও পাঁচ বছরে ।

মানুষ থোড়াই সবুর করে  ?
বরং সুযোগ খোঁজে ফেঁসে যাওয়ার !
ফেঁসে গেলে, তবেই যেন বাঁচে ।
তাড়াহুড়ো করে, পাকা ফাঁসুড়ের মত,
ভালবাসাকে ফাঁসিতে ঝোলাতে ভালবাসে ।
.
https://youtu.be/TcCPQrrI1jM
.