এরকম এর আগে ঘটেনি কখনো।
বাস্তবে হতে যে পারে কোন একদিন -
ধারণা ছিল না তেমন।
নিজে আর সহ্য করতে না পেরে
ব্যাথিত চিত্তে
তোমাকে আমি বাধ্য হয়ে
গভীর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম।
কারণ - সুতীব্র বিষাদ,
যেই চোখের সামনে হারাতে দেখা
অভ্যস্ত, তৎপর অস্তিত্বটি তোমার।
কারণ - এই প্রথম
দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা
আপ্রাণ চেষ্টা করে যাওয়ার পরেও
সাফল্যকে আর
শেষ অবধি ছোঁয়া হলো না তোমার।
কাজটা, অথচ, খুব কঠিন
মনে হয়নি আমার একটিবারও।
অনুবাদ করতে দিয়েছিলাম
একটি বাংলা কবিতা।
এরকম আগে অনেক করেছো।
কবিতাটি এরূপ -
নারী হওয়ার সুবাদে
ব্যপারটা ভালোই বোঝো, তাই
না বলে, কেবল মধুর হেসে,
তালে তাল মিলাতে মিলাতে
মিলাতে একদিন
পূর্ণ নিয়ন্ত্রণে এনে ফেলবে
সামগ্রিকরূপে
তার তদবধি বিমল
স্বতঃস্ফূর্ত যাপনশিল্পকে।
প্যালা বুঝবে না তেমন কিছু।
শুধু দেখতে রয়ে যাবে
এক অদৃশ্য সুতোর টানে
একটু একটু ক'রে আটকে পড়ে
কীভাবে যেন হারাতে হলো
হয়তো চিরতরে
অতীতের
পরম আদরের স্বাধীন সকাল।