কাব্য আর যুক্তি কদাপি বন্ধু না ।
অথচ দুজনকেই
আনমনে ধাওয়া করতে হবে,
শেষ অবধি, সত্যের পিছনে ।
তবে, অহমিকা আর প্রবৃত্তির
চোরাস্রোত থাকতেই হয় ব'লে,
কেউই সত্যকে উদার আবাহনে
সহজে বরণ করতে রাজি না ।
ফলতঃ, ভাব বিনিময় গতিশীল রাখা
সহজ না ।
যেমন, কারুবাসনা জেগে গেলে
কবিতা তারপরেও লেখা চলে
কল্পনার আর আবেগের বলে,
আপোষের গর্ভে, ছলে, বলে, কৌশলে
সুন্দরের জন্ম নিতে,
কখনো যেন, কোনও রকমের বাধাই ছিল না ।
যেমন, তার্কিক তর্ক চালিয়ে যায়
অনুভবের প্রসাদ হতে বঞ্চিত ব'লে,
যখন অহমিকার দোষে,
অবোধ যুক্তিবাদে, মানবিক সহানুভূতির
পর্যুদস্ত হতে একটুও অসুবিধা হলো না ।
যেমন, উভয়-প্রকৃতির মানুষের সিংহভাগে,
বারংবার, জীবনের হিসেব কিছুতে মেলে না ।