শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

সুর

কত না সুর বাজায় এ দুর্লভ জীবন !
কেউ-কেউ কিছু-কিছু শুনতে পায় ।
কেউ কাঁদতেই থাকে গোপনে
আর কেউ আনন্দে বিভোর হয়ে যায় ।

আসল কথাটি হলো ভাগ না নিতে চেয়ে 
আপন ভাগটি আগ বাড়িয়ে উজাড় করা  ।
তবু শৃঙ্খলে বাঁধা পড়ে আছ তুমি এখনো ?
জীবন যে অমলে মুক্তির গানও শোনায় ।

স্থিতপ্রজ্ঞ

একটি অসাধারণ সম্পর্ক
'মানুষদুটির যে কোনও একজন
অথবা উভয়েই
সাধারণ অথবা অসাধারণ কিনা'
তার উপরে আদৌ নির্ভর করে না ।

সম্পর্ক অসাধারণে পরিনত হয়ে
যুগল-ঐতিহ্যে পাল্টে যায় ক্রমশঃ, 
ঐতিহাসিক রাজপ্রাসাদের মত
বিরল আভিজাত্যে, -
কেবলমাত্র
সমর্পিত, একগামী নিষ্ঠার দ্বারা অর্জিত 
পারষ্পরিক, স্বাভাবিক বিশ্বাসের প্রতি 
যৌথ, নিরবচ্ছিন্ন প্রত্যয়ে ।

একটি সম্পর্ক অসাধারণ হতে পারার
প্রথম শর্তটি হলো - তাদের সম্মুখে প্রতিবার
প্রতিটি পর-প্রলোভনের আবশ্যিক পরাজয় ।
মানুষদুটির কেউ, একই সময়ে,
ভিন্ন নৌকায় লঘু পা কদাপি রাখে না ।

ভালোবাসা

অধিকারবোধহীন

কিছুই যায় আসে না
যোগাযোগ যদি নাই থাকে তেমন আর
বহুদিন তোমার আমার ।
রয়ে যাবে অনুভবের অদম্য বিশ্বাসে ।

দেখা হয়ে যাবে, আচমকা হলেও,
সুরে সুর একবার মিলেছিল ব'লে,
যে কোনও অবসরের পরেও
ফের মুখোমুখি হতেই -
আলাপ পেরিয়ে,
জোড়ের পথে অবধারিত জুড়ে,
ঝালাতে উদ্দাম হবই হব আমরা আবার ।

ভালবাসা রাজা হলে
অনুগত প্রজা হয়ে রইবে অনধিকার ।
.