শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

অনুতাপ

একটি যৎসামান্য ভুল,
যা না করলে 
বিন্দুমাত্র ক্ষতি হতো না জীবনের,
নিজেকে প্রশ্ন করার কথা
হেলায় অবহেলা করে,
তেমন একটি ভুল 
ঝোঁকের মাথায় করে ফেলে,
ফলতঃ, পছন্দের মানুষটিকে 
সজ্ঞানে, স্পর্শাতীত দূরে হারিয়ে
আঙুল কামড়ায় মানুষ অবশিষ্ট জীবন।

অভিজ্ঞতা যদিও বাড়ে, 
তবে স্বাভিমানে আটকে পড়ে
দেখতে দেখতে প্রায়শই
জীবনকে ক্রমশঃ ফুরিয়ে ফেলে সে
আংশিক পঙ্গুত্বে
অনাবশ্যক একপেশে বাঁচায়।

শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

অনেক বড়

তাকে ক্ষুদ্র দৃষ্টিতে কখনো দেখো না।
ভালবাসা মানে যদি
অবধারিত কাছে আসা,
একদিন সম্ভব হলে স্বেচ্ছায় বাগদান,
তবে, তারপর থেকে, 
খুলে গেল জীবনের রাজদরবার।

সম্ভোগ কেবলমাত্র 
সাফল্যের স্বচ্ছ স্বীকৃতি হওয়া সম্ভবপর
যদি
'মানুষটা কীভাবে
আরও বেশি প্রাণখুলে বাঁচতে পারে',
শুরু - তার উপরে নিরন্তর গবেষণা
ও উৎকর্ষের চরৈবেতি অভিযান।

ভালবাসায় অসীমের সাধনা 
মানবজীবনে
উত্তরণের সহজতম পথ ও
শর্তহীন অফুরাণ সেবার নিঃশব্দ নাম।

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিয়তির ভার

ভালবাসিলে
ব'লে হাসিলে।
অতঃপর 
পায়ে পায়ে
আর একটু কাছে আসিলে।
বাকি আসাটুকুকে
বাধ্য অপেক্ষায় রাখিলে।

বলতে পারা সহজ নয় আদৌ
কে যে আসলে কতটা কার।
অপেক্ষা যেন 
শেষ হয় না আর।
এ পাড়ার সাড়া বেচারা 
তারপরও অসহায় নাচার।
নৌকা লয় না ভার
সবাইকে অবধারিত
ডুবে যেতে হবে জেনে,
তৃতীয় প্রেমের ভার
প্রথম ও দ্বিতীয়ের সাথে 
একযোগে উজানে ভাসিলে।
.