বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

স্তরভেদ

মন আর শরীর, দেখ না দেখ,
হামেশাই পারে বাসি হতে
যৎসামান্য উঞ্ছ-অভ্যাসে ।

বাসি হওয়ার উপায় নেই যে হাসির
সে হলো 
পরাণের চিরহরিৎ সুরে বাজা বাঁশি,
অব্যর্থ বার্ধক্যও ব্যর্থ যে পরশে ।

শ্রদ্ধার শিখর হতে হৃদয়ের সমর্পণ
শ্রেষ্ঠতম নিবেদন মানবজীবনে ।
যে পায়, আর যে দেয়, তারাই একমাত্র জানে
এর অধিক সুন্দর ধারা
আর কিছু থাকতে পারে না এ ধরায়
মানুষের অবগাহনের হরসে ।

অপরদিকে, নিছক ক্ষুধার প্রশমনে
"আপোষের সাময়িক বেচা-কেনা
এঁটো শরীরেও দিব্যি জায়েজ" -
একথা প্রমাণ করে চলেছে চিরটাকাল
কোটি কোটি 
ভোগাসক্ত, মধ্য-শৃঙ্খলিত, অসহায় নর-নারী ।

মানুষের গহীনতম ইচ্ছার 
মুক্তি-যাপনের যোগ্য প্রশস্ত আবাস
অথচ সার্থকতম কেবল হৃদয়াকাশে !
দাঁড়ি ।

সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২

হে নবীনা

প্রবীনা যত, যদি আহত, 
ভালবাসার ব্যাকরণের ভুলে, 
অবধারিত হবে কলুষিত 
ঘৃণায় ক্রমশঃ ফুলে ফুলে ।

শ্রদ্ধামিশ্রিত বিস্ময়-রা 
রইবে রাখা তাকে তুলে ।
ভাববে ছেলেমানুষিই ছিল, 
আর মানায় না পাকা চুলে ।

রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

পরিচলন

তোমার নিজের হাতে গাঁথা মালাদের 
কত প্রকার সুগন্ধী সহকারে
কতজনের নির্জন হৃদিবন্দরে
অবাধে ভেসে যাওয়ার কথা ছিল !
শুষ্কতারা না চাইতেই অবগাহন তো পেতো ।
অথচ তেমন সহজ, সিধে, শঙ্কাহীন গ্রাহক
কেন একজনেরও দেখা মিললো না ?

তোমার ইজেলে 
কবে থেকে জমিয়েছিলে
একশো সাতচল্লিশ রকমের রঙ ।
যত এঁকেছিলে, আঁকতে পারতে 
তারপরে অন্তত আরও একশো গুণ বেশি ।
এঁড়ে প্রজাতির এমনই অগতি,
সাতটি বাঁধা রঙের বাইরে, তার নজরে
আর একটিও নূতন রঙ তবু
কোনওমতে দৃষ্টান্ত হতে পারলো না ?

বাধ্যই কি তোমার 
ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা 
ব্যাকুল সুদূরের দৃষ্টিরা
কাঁধে তুলে নিল তাই নৈঃশব্দ্যের বরাভয়,
এক জনমের 
দুশো সাতষট্টি এপিসোডে পরিবেশিত
সম্পূর্ণ মহাভারতের নিথর শব 
নির্বিবাদে বহন করার ?

ভালবাসা ও যৌনতা

নারী ও পুরুষ একে অপরের প্রতি
যৌন আকর্ষণ বোধ করবে -
এ তো স্বভাবসিদ্ধ ও স্বাস্থ্যসম্মত ।

তবে যৌন আকর্ষণ বললেও,
সেখানে নিছকই 
যৌনতা-উদযাপন থাকতে হবে,
আর সব কিছু শেষ অবধি গুরুত্ব হারাবে,
এটা আদপে সুন্দরের সর্ত নয় ।

বরং চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু
একে অপরকে স্পর্শ করা মাত্রেই
যেমন চৌম্বক ক্ষেত্রের শক্তি শেষ,
ঠিক তেমনিভাবেই, যৌনমিলন-মাত্রেই 
আকর্ষণ বৃদ্ধির যে অবধারিত ইতি
তথা আকর্ষণ হ্রাসের শুরু,
এ সত্য মানতেই হবে ।

অথচ, একমাত্র আকর্ষণ বৃদ্ধির সাথেই
আত্মসৃষ্টি ও অনুভবের গভীরতা
প্রায় সমানহারে বাড়ার সুযোগ থাকে ।

যৌনমিলন এই সুযোগটিকে সংহার করে ।
ফলতঃ, যৌনতায় ফেঁসে,
কারও প্রেম, আকর্ষণ খুইয়ে,
পাঁচ দিনেই পালটি খায়,
কারও পাঁচ মাসে,
আবার কারও পাঁচ বছরে ।

মানুষ থোড়াই সবুর করে  ?
বরং সুযোগ খোঁজে ফেঁসে যাওয়ার !
ফেঁসে গেলে, তবেই যেন বাঁচে ।
তাড়াহুড়ো করে, পাকা ফাঁসুড়ের মত,
ভালবাসাকে ফাঁসিতে ঝোলাতে ভালবাসে ।
.
https://youtu.be/TcCPQrrI1jM
.

বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

গভীরতা চোর

ভালবাসা অনুভবের নদীকে
সমুদ্রের গভীরতা চেনায় ।
সেই সুবাদে মানুষ
নিজেকে পূর্ণতর আবিষ্কার করে 
ও নূতন রূপে সৃষ্টি করে ।

প্রাপ্তি নিকটস্থ হলেও, লভ্যের প্রতি 
শ্রদ্ধায় সংযত থাকতে পারা
সে গভীরতাকে স্বচ্ছতর ও
স্থায়ী অর্জনে পরিনত করার সুযোগ দেয় ।

কাম, প্রকৃতির প্ররোচনায়
সাময়িক সুখের বিনিময়ে,
গভীরতার সে স্থায়িত্বকে হরণের জন্য
অতঃপর, নির্দিষ্ট শিকারটি চিনে,
ধৈর্য-সহকারে, চকচকে লোভে,
সমানহারে
হায়নার মত নিঃশব্দে, ওৎ পেতে 
পা টিপে টিপে এগোতে শুরু করে ।

জীবনের অমোঘ নিয়মে চিরটাকাল
শেষ অবধি কেউ জেতে 
আর কেউ বার বার হারে ।

লাল আলোর দেশে

কাজ ফুরালে, উঠে
অহমিকা টাকা ছুঁড়েছিল গায়ে ।

আমিও তর্জনী পেঁচিয়ে
পুরো ফ্যাদাটাই প্রায় তুলে এনে,
এক টুসকি তে
যেই দিয়েছি ছুঁড়ে, টিপ করে
তার ডান জুতোর ঠিক আগে,
ওমনি থমকে দাঁড়ালো সে ।

একদৃষ্টিতে বেশ কিছুক্ষণ
চেয়ে রইলো সে পানে !
পৌরুষের ফাঁপা অহমিকা
ঝুর ঝুর করে খসে, 
অসহায় ভেঙে পড়েছে তখন তার ।

মরীয়া হয়ে, আত্মবিশ্বাস ফিরে পেতে
ঘুরে, ভিক্ষুকদের মত স্বরে
বলে উঠলো - "তোকে কিন্তু ভালবাসি" ।

খুব মিষ্টি করে হাসলাম এবার ।
পরম পুলকে বলে ফেললাম - "মারহাব্বা,
যাস কেন তবে ? থেকে যা । 
সতীপুকুরে 
পরমগতির ডুবটা দিয়ে আসি ।"

রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

Hardship, The Only Path of Rise

Working eight hours a day i.e. forty hours a week is no hard task for average people.

Growth starts only after enduring serious pain.

Success lies after enough growth.

Reaching richness comes as a reward of series of successes.

This is why, attaining richness can never become another casual task. 
It is rather a challenge of imbibing
toughest discipline within 
and thus, 
converting individual consumptive instincts attracting to one's habitual comfort zones into differential productive characteristics.

পথ

প্রবৃত্তিরা মহানুভব হয় না সচরাচর ।
তারা তোকে চাটা, চোষা, ঘষার
অন্ধকার স্বপনের কারায়
আটকে রাখতে চাইতেই পারে ।
তুই যাকে প্রেম বলে ভাবিস,
সে অবশেষে কাম, লোভ আর মোহ
এই তিন রিপু-প্রবৃত্তির সমাহার হয়ে
দংশন করে তোকে নির্মমতম ক্রুরতায় ।

তোর প্রয়োজন নেই
প্রবৃত্তির বশ্যতা মেনে নেওয়ার ।
তুই বাঁচতেই পারিস
আপোষহীন সুন্দরের সর্তে ।
ভালবাসতে পারিস 
শ্রদ্ধা ও পবিত্রতার অবধারিত সহযোগে,
ঠিক যেমন মা, বাবা অথবা
প্রিয় শিক্ষক কে ভালবাসিস !

ভালবাসা শ্রদ্ধার ও পবিত্রতার 
সুসহযোগ পেলে, তবেই হতে পারে
প্রকৃত আত্মবিকাশের তীর্থক্ষেত্র !
আলোর উৎস হয় আপন অন্তর ।
সে উপযোগিতা 
সর্বাধিক মূল্যবান এ মানবজীবনে 
সার্থকতার নিরিখে ।
তাকে হারিয়ে ফেলিস না স্বেচ্ছায়
প্রবৃত্তির ছলনার শিকার হয়ে ।

ভালবাসা ঠকায় না !
সে ভোলে না, পূজার প্রসাদ-সম,
সময় মত ভরে দিতে আঁচল তোর
প্রাপ্য সুখের বানভাসি তে ।

শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

শিক্ষা

মাকে দেখিনি কখনো 
কারণে, অকারণে, ঢলে পড়তে
বাবার গায়ে ।
অথচ আদর ঝরতে দেখেছি দৃষ্টিতে,
যখন পায়ে পায়ে চলে, 
প্রায় কপোত-কপোতীর মত
প্রতিটি কাজ 
জাগরণ হতে শয়ন অবধি
তালে-তাল ভাগ করে নেওয়ায় !

বাবার অনুপস্থিতিতে
বাকরহিত মাকে, কাঠ হয়ে দাঁড়িয়ে থেকে,
ঝরঝর করে কেঁদে ফেলতেও দেখেছি
আমারই অক্ষম কিশোরবেলায়,
নিভৃতির আকষ্মিক সুযোগের 
ধূর্ত সদ্ব্যবহারে,
দেওর অথবা সন্তানের হোম টিউটরের
অযাচিত প্রেম নিবেদন-প্রয়াসের
অপ্রত্যাশিত আক্রমণে ।

সরাসরি চোখের উপরে চোখ রেখে
বলতে পারেননি 
সেদিন আমার স্বভাবে-শান্ত মা
"আমার এ শরীর-মন্দিরে
সুড়সুড়ানির অশুভ উদ্যোগে 
কোনও লম্পট কামুকের জন্য
কোনও প্রকার আবাহন অথবা 
গুপ্ত প্রবেশাধিকার লেখা নেই ।"

ভালবাসা - শ্রদ্ধার সুসহযোগে
অপরাধ ছিল না সেদিনও !
তবে, প্রেমে পড়ার বাহানায়,
নিছক নগ্ন কামনার চরিতার্থতায়
একান্ত আপনজনটির সমান
শরীরের অধিকার দাবী করে বসা -
হাস্যকর রকমের বেঢপ 
একটি মানসিক স্থুলতা ও দূর্বলতা বলে
বিবেচনা করতো সেকালের সেকেলেরাও ।

না, আমার নিরহঙ্কারী মা 
আমাকে মুখোমুখি বসিয়ে,
তারপরে, বড় বড় বাক্য সাজিয়ে
চরিত্রের শব্দমুখর শিক্ষা 
দান করেননি এযাবৎ কখনও ।

মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

তর্পণ

আজ হয়তো নয়,
তবে কোনও একদিন 
অবধারিত বুঝবে নিশ্চয়

মেঘের জগৎ হতে নেমে এসে
মধ্যরাতে ঘুম ভাঙিয়ে
বিবশ তোমাকে
বুকে চেপে ধরে তুলে নিয়ে
কোনও এক সাহসী সহিস
দুর্গম বনপথ পেরিয়ে
অবশেষে 
চন্দ্রালোকিত মুক্তাঞ্চলে পৌঁছে
তোমার ঘোড়ায় চাপার সখ
আশ মিটিয়ে পূর্ণ করাতো হামেশাই ।
.