আমরা ভাবি 'আমরা বেজায় স্বাধীন' ।
আসলে আমরা তেমন না ।
আমরা বরং
বেশ অসহায় ভাবে সময়ের অধীন ।
সময়, আমাদের জীবনে
কিছু সুযোগ অবশ্যই এনে দেয় ।
আমরা যারা মোটা-দাগের নই,
যারা সুযোগ কে প্রথম সুযোগেই
সঠিক চিনে পূর্ণ মর্যাদা দিই
শ্রদ্ধা-জনিত বিনয়ে আমন্ত্রণ জানাই
বুকের ভিতর-ঘরে
যত্ন-সহকারে আসন পেতে বসাই
'রয়ে যাক' - অন্তর হতে চাই,
তারা এ জীবনে আশ মিটিয়ে পাই
প্রাপ্তির রসালো প্রসাদ ।
আর যারা অহমিকার পরমাদে
লাথি মারি সুবর্ণ-সুযোগে,
অপমান আর অবহেলার ছেঁকা দিয়ে
চতুরের মত দর বাড়াতে চাই,
তারা হারাই তাকে বাকি জীবনের মত ।
যখন বুঝি অবশেষে -
ফিরে পাওয়ার উপায় দ্বিতীয়বার লভ্য নয়,
তখন বাধ্য হয়ে গলা ছেড়ে গান ধরি -
"আঙুরের মত টক ফল
এ জগতে আর দ্বিতীয়টি নাই" ।
এই 'আমরা' বেচারা তারা
যারা খেলি না, খেলাতে চাই ।