যুক্তি-বুদ্ধির প্রমাণ-প্রমুখ সব মাপজোকদের
পোঁটলায় শক্ত-মত বেঁধে
মাঝে মাঝে সটান ছুঁড়ে যেই দিই
যাবতীয় লাভ-লোকসান সহ
জীবনের গণ্ডি হতে
ন্যূনতম বিরাশি ক্রোশ দূরে
তখন মুক্ত আমি ! মস্তিষ্ক-সর্বস্ব
সৃষ্টি হোক অথবা সমালোচনা,
কারোরই আর বিশেষ দাপট অবশিষ্ট নয় !
ট্রেনের সিঙ্গেল সিটে পা ছড়িয়ে
একার প্রসন্ন ভরসায় জানলার এপারে বসে
আর ওপারেতে ক্রমাগত
পাল্টে পাল্টে যেতে থাকা বর্ণালী -
আমারই অতি প্রিয় মানুষগুলোর
নিবিড় নিষ্ঠায় সৃজিত
বিরামহীন অজন্তা ইলোরার স্থাপত্যে,
দেওয়াল পেরিয়ে দেওয়াল পরিক্রমায়,
দরদী অনুভবের শিল্পিত চালচিত্রে
প্রতিবিম্বিত হতে থাকা
পরাণানুপানের মেদুর অব্যয় !
নিছকই ভ্রমণরত
মুক্তির সে অবাধ অবাধ্যতায়
হারিয়ে যেতে যেতে
ভাললাগারা তখন
বিনা দ্বিধায় ঘনীভূত হতে পারে
পরতে পরতে
ভালবাসার ছাঁচে তুলতে থাকা
ক্যাডবেরি ক্যারামেলের বৈধতায়,
তেমন অবসরে - যেথা
প্রতিক্রিয়াদেরও নেই তাৎক্ষণিকের বেগতিক দায় !
.