রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

ফানুস

বিবাহ নামক অনুষ্ঠানটি

পাশ্চাত্যের অনেক দেশেই

বাসি ও সাত-পুরোনো

"নির্বোধের গলার দড়ি" - ব'লে

বহুকাল আগেই বর্জিত হয়েছে ৷


বাঁচার মডেল পাল্টে পাল্টে গেছে ৷


যেভাবে, আবেগের নিরাপত্তা

ও বৈচিত্রের বহুবিধ সহবাসকে

মানুষ একাধারে সম্ভব করেছে -


তেমন একটি হলো, -


অভিনয়ের প্রয়োজনকে নস্যাৎ করে,

বলে কয়ে, বহু মানুষ

একদিন ছেড়ে একদিন ক'রে

সপ্তাহের তিনটি দিন

স্থায়ী সম্পর্ককে পূর্ণ সময় দিয়ে

গভীর দরদে ও শ্রদ্ধা-সহকারে

যে আদরে আগলে রেখেছে,


ঠিক তেমনই, সপ্তাহের দুটো দিন

মানবজীবনে 

সাময়িক বৈচিত্রের প্রয়োজনকে

সমানতালে স্বীকৃতি দিতে,

নিয়মিত সঙ্গ পরিবর্তনকে

জীবনের প্রত্যক্ষ অংশিদার হিসেবে

ভনিতা-হীন উচ্চগ্রামে স্বস্তির চর্চায় রেখে,

বিশ্বাস-ঘাতকতার ব্যাজার প্রশ্নকে 

জনসমক্ষে নির্মূল করে বসে আছে ৷


সপ্তাহের আর বাকি দুটি দিন

নিজের সাথে নিজে

সম্পূর্ণরূপে একা হওয়ার জন্য

"একান্ত ব্যক্তিগত" ডিক্লেয়ার করে দিয়ে

পরবর্তী আত্মবিকাশের সচেতন স্বার্থে

আপোষহীন আত্মবিশ্বাসে একার রেখেছে ৷


মানুষ নামক এই প্রাণীটি 

কী ভীষণ ইন্টারেস্টিং না ?


এতসবের মাঝেও 

স্থায়ী সম্পর্কটির তিনটি নির্দিষ্ট দিনে

সঙ্গীর যাপন ইতিহাসে

কোনও প্রকার বিশ্বাসঘাতকতার প্রমাণ 

ঘটনাচক্রে পেতে হলে, 

ওমনি বিশ্বাসে নির্ভরতা খুইয়ে

যার-পর-নাই মুষড়ে পড়েছে,

চোখের জলের বন্যা বয়েছে,

নিজেকে একা, নিঃসঙ্গ 

ও প্রবঞ্চিত অনুভব করে

মনোবিদের চেম্বারে

দিনের পর দিন সময় দিয়েছে ৷


মানুষ নামক এই প্রাণীটি 

কী ভীষণ ইন্টারেস্টিং না ?