ধর, বেশ ভাল বুঝে গেছ,
পাওয়া হবে না মানুষটিকে এ জীবনে
কায়িক অন্তরঙ্গতায় ।
তারপরেও ভালবাসলে কী লাভ হয় ?
পরাণ, গানের কলি খুঁজে
যখন তখন, গুন গুন সুরে,
চলতে চলতে
আপন চলনকে সোহাগের
সেরা বাহানাটি খুঁজে পায় ।
যাদের সাথে রোজকার লেনাদেনা
তারা, না চাইতেই,
একটু বেশি মিষ্টি হাসি পেতে থাকে, উপহারে ।
বিরক্তিকর কাজগুলো
কখন যে অনায়াসে করা হয়ে যায় !
দৃষ্টিতে উজ্জ্বলতা, মদিরার ঢল নামালে,
ফেসিয়াল ছাড়াই
ঈর্ষণীয় রূপে আকর্ষণীয় লাগে ।
ধ্যাত্তেরিকা-রা, সমূহ বিপদ বুঝে,
আচমকা কোথায় যেন উধাও হয়ে যায় ।
নদীতে সর্বদা তেমন টলটল গভীরতা থাকে,
যে জলের উপচে ওঠা ছলাৎছল
ক্রমশঃ মহুয়াগন্ধী হলে
মাঝি ওমনি ছিটকে উঠে
মাঝ-বরাবর নৌকা নামাতে চায়,
তোমাকে, পারাপারের সুযোগে
সুযোগ্য ঢেউয়ের তালে তাল মিলিয়ে
সর্ব শক্তি দিয়ে বৈঠা টেনে টেনে
শেষ অবধি বানভাসি-দোল খাওয়াবে ব'লে ।
অথচ, তুমি দিব্যি নিজের ঘোরে তখনো,
বাঁধা ছিলে না
তেমন আগন্তুক সুখের অপেক্ষায় ।
.