শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

হিপ-হিপ-হুররে

এজনমে বহু ফলস স্টার্ট হয়ে গেল ।
পরেরবার এ ভুল আর করবো না ।

দুজনেই তীব্রতম স্বাধীনচেতা হব ।
তোমার প্রফেশন তোমার
আর আমারটা আমার ।
যে যার প্রফেশনে 
অবিসংবাদিত সেরা হব ।
লড়াই যত কঠিন হতে হয়
জয়ের স্বাদ হয় ততোধিক মধুর ।

কাজের জগতে
কোনদিন তুমি জিতবে, কখনো আমি ।
যে কোনও একজন জিতলে
তবেই আসবে 
উদযাপনে সহযোগের রাত ।

দৃষ্টিতে দৃষ্টির চকমকি ঠুকে
অন্ধকারে আগুন জ্বালাবো ।
শিখা লেলিহান হলে 
মুখোমুখি বসে 
সেঁকবো রেওয়াজি মাংস
দীর্ঘক্ষণ ধৈর্য ধরে ।
সুসিদ্ধ হয়ে, প্রস্তুত হয়ে এলে,
ঝাঁপিয়ে পড়বো পরষ্পরের উপর -
নিংড়ে, ছিঁড়ে খেতে প্রবলতম সুখ ।

আমার জেতার দিনে
মন্থনের যাবতীয় দায় একা তোমার
আর তোমার জয়ের দিনে আমার ।
খেতে-খাওয়াতে থেকে
লালায় নির্লজ্জ সর্বত্র মেখে
দুজনে অবিচ্ছিন্ন ভেসে যাব 
কালাঙ্গার ডাকে উত্যুঙ্গ জোছনায় ।

তবে, সে শুধুমাত্র উৎকর্ষের পূর্ব-শর্তে,
যোগ্যতা - গরবকে পুরস্কারে দিলে ।
এছাড়া আর একটি দিনও না ।
বাঁচতে হলে, 
বাঁচবো সম্রাটের বিরল আভিজাত্যে ।
দরিদ্র রুচিতে
অকারণে উৎসব ভিক্ষা করবো না ।

কি ? মানবে তো ? তাহলে হাত ধর । 
বল, কিছুতেই দারিদ্রের কাছে হারবো না !