ভালবাসার কাছে
শুধুমাত্র ভোগ আর সুখ চাও?
ভালবাসা নিবিড় যত্ন শেখাতে আসে
একথা বুঝেছো কতটুকু?
ভালবাসা শ্রদ্ধা শেখাতে চায়।
দরাজ হৃদয় কাকে বলে জানো?
হৃদয়ের কোমলতা-রা
একে একে উজাড় হলে
আঘাত পাওয়ার সম্ভাবনা বাড়ে।
ভালবেসে আঘাত পেতে ভয় পাও?
ভাল যদি নাই বাসো
স্বার্থহীন পরাণে
দিতে শিখবে না কখনো।
একতরফা পাওয়ার আশায়
বয়ে যাবে জীবন।
ভিক্ষুক পরাণের সংকীর্ণতায়
মানুষের শরীরটুকু বইবে কেবল।
ভালো মানুষ হওয়া হবে না এ জনমে
শেষ অবধি।