নিছক যৌনতা নাইবা ভাবলে তাকে
যদি কখনো
জলের সাথে যেভাবে মেশে
একটু একটু ক'রে
ঝরে পড়া পাতার অবশিষ্ট সবুজটুকু
ঠিক তেমন করে তোমাতে মিশে যেতে চাই
যদি কখনো তোমার গভীরে
ডুবতে ডুবতে
ক্রমশঃ আরও ডুবতে ডুবতে
আপন শ্বাসকে চিরতরে ত্যাগ করে
তোমার শ্বাসের খেয়ায়
নতুন প্রাণে পরম নিশ্চিন্তে ভেসে যাই
শুধু একবার, একবার যদি
পূর্ণ অভেদকে সাক্ষাতে খুঁজে পাই,
তখন, তথাগত মৌনতার সম্ভ্রমে,
নিছক যৌনতা নাইবা ভাবলে আর তাকে ।
নিরবচ্ছিন্নতার দুহাত ভরা আশীর্বাদে
তখন কেউ যে আর একা বা বিচ্ছিন্ন নয় !
সত্যি ক'রে বল, হাসতে হাসতে
হাত-ধরাধরি, উদ্দাম দামালপনার দৌড়ে
একে অপরের নিবিড় গভীরে
এই পর্যায় অবধি পৌঁছে যেতে
কেউ কি কারও চেয়ে কম চাই ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন