শনিবার, ২৮ মে, ২০২২

প্রতিহার

ঘরগুলো ঘর নেই আর, 
শক্ত শক্ত বাড়ি হয়ে গেছে ।
চাইলেই, রাস্তার দরে, 
সস্তায় 
ঘরণী সহযোগে ভাড়া নিতে পারো ।

ধরণী বলতে
নদী, পাহাড়, সাগর, বন
কেউ আর আগের মত নেই ।
সবাই, ভরপেটে ঢেঁকুর তোলা,
জাঁকজমকে ঢাকা বাজার এখন ।
নানা রঙের লোভের পশরা 
বসেছে সাজিয়ে ।
মাইক বলছে
"কিনে জেতো, না কিনলে হারো ।"
মানুষের ঢল নেমেছে 
দুর্গাপুজো, মহরমের মত ।
সবাই বিক্রি হতে রাজি পছন্দের নোটে ।
শুনবে সমস্বরে দাবী
"নোটা উঠিয়ে দাও - যত পারো ।"

বাঁচিয়ে রাখতে 
নিভৃত প্রাণের দেবতাকে
পার্থিবের আগ্রাসন ও অশ্রদ্ধা হতে,
সতর্ক হওয়ার দায় একা তোমার ।
যথার্থে যত্নবান হতে, হয়তো,
মায়ের আঁচলে বিশ্বাসটুকু শুধু
শেষ বারের মত না হারাতে,
নিভৃতি চিনতে হবে আরও আরও ।
.

কোন মন্তব্য নেই: