সময়কে আসতেই হবে,
যেদিন
ধর্ম, দেশ আর রাজনীতির আফিং,
অবাধে অবোধ স্বেচ্ছাদাস-প্রথা,
হবে
ঘৃণাভরে ঝেড়ে ফেলে দিতে ।
- করুণ নিষ্ফলা প্রতিবাদে নয়
নির্মম গণ-প্রতিরোধে
ছুঁড়ে দিতে হবে
মানুষের শ্বাস এর সীমার ওপারে ।
বেঁচে যেন থাকতে পারে শুধু
মনুষ্যত্বের ধর্ম আর
প্রজা-নীতির নির্মল অবশিষ্ট
পরম নির্বিবাদে ।
ভ্রাতৃত্বের অবিচ্ছেদ্য যাপন
মানুষে মানুষে
সেদিন স্বতঃসিদ্ধ দেখা যাবে ।
সাধন-আরাধ্য ? - যার যেমনটি চাই,
বাইরের সমবেত চর্চা হতে একান্তে ঘরে
ঘর হতে পরাণ-অন্তরে
প্রকৃত যত্নের ঠাঁই পেয়ে
অভিষ্ট প্রাণ-সখা হবে !
যতদিন তা না হবে,
জ্বলতেই হবে
ঝুলন্ত আমিষের মত
সাধারণ মানুষকে,
হতে হবে
পুড়ে শ্মশান-কালো, আরও আরও,
নানা অজুহাতে !
ধর্ম আর রাজনীতি
মুখোমুখি পরিতৃপ্ত বসবে
ততদিন
নিশীথে লোহিত পানে
ক্ষমতার ঢেকুর উদযাপনের
নিশ্চিন্ত শৃগাল-আড়ালে ।
---------------------
পৃথিবী ক্রমশ আরও রক্তাক্ত ! রক্তপিপাসা বেড়েই চলেছে ধর্মের আর রাজনীতির !
মানুষ খালি পাশ ফিরে শুচ্ছে আর ভাবছে 'ঘরে তো এখনও আগুন লাগেনি ।
শৃগালদের শ্বাস নিঃশব্দে এগোচ্ছে কাছে, প্রতিদিন ক্রমশ আরও কিছুটা কাছে ।
---------------------
.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন