কিছুটা কাদার তাল, কিছুটা দরদ,
মানুষ কত যে পায়ে দলে যায় !
কবি তাকে হাতে তুলে নেয় ।
আকুল আবেগে পরাণ
দুই হাত তিন ভাঁজ বেয়ে
দশ আঙুলে পৌছায় ।
দশটি বাদ্যযন্ত্রে তাই
বেজে ওঠে এক সুরে
গভীর দ্যোতনায় ।
সেই সুরে সৃষ্ট হয় শরীর
বুক, নাক, গলা,
ক্রমে ক্রমে চোখ !
এরপর আলাপ বিস্তার হয়ে
যেই পৌঁছেছে ঝালায়
ওমনি দৃষ্টি লভে আঁখি ।
একক দ্বৈত হয়ে
চূড়ান্তে মিশে যেতে যেতে
মূর্তি শব্দ-সুধা ঢালে কানে,
কবি-পানে অপলক চায় !
কানে কানে কথা
আরেক জীবন রচে
কবি মানসে যৌথ
সিঞ্চন-আশ্বাসে
পরম বিশ্বাসে
সুখ-পাখিটির
শ্বাসে শ্বাসে
চির-বসন্ত বয়ে যায়!
-------------------------------
উৎসর্গ : পরম প্রিয় কবি রণদেব দাসগুপ্তকে
.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন