যুক্তি আর বুদ্ধি কতদূর যেতে পারে ?
ততদূরই,
যে অবধি সে পায়ের তলায় মাটি পায় ।
অনায়াসে ডুব-সাঁতার দিতে জানে ব'লে
ভালবাসা নির্দ্বিধায় জলে নেমে যায় ।
প্রতিটি মানব-জন্ম আপন প্রবৃত্তিদের দ্বারা
সীমা-বিধৃত হতে হয় ।
একটি অদৃশ্য খাঁচার ভিতরে বাস প্রত্যেকের ।
যখন তুমি কাউকে ভালবাসো,
তখন দ্বান্দ্বিকতার নান্দনিকে অবগাহন কর ।
একটিই মানুষকে, তার আপন অনুভবের চোখে,
আবার তোমার আপন পৃথক দৃষ্টিতে,
এভাবে, একই সময়ে দুইভাবে দেখতে পাও ।
ফলতঃ, তাকে একটুও আঘাত না ক'রে
তার বাহিত খাঁচাটির তার একটি একটি ক'রে
খুলে দিতে পারা সম্ভব হয় তোমার দ্বারা
অথবা পায়ের তলার কাঁটাদের খুঁজে পেয়ে,
উপড়ে নিয়ে, তার দীর্ঘ কষ্ট-বহন কে
নিরসন দাও ক্রমশই,
যেন তার অস্তিত্ব, তার যাপন, জীবন পরিক্রমা,
ক্রমশই অধিকতর মুক্তি,
তথা
বন্ধনহীন স্বাধীনতা ও আলোকের স্বাদ পায় ।
ভালবাসা
এভাবে এটুকু উপকার করতে পারে মানুষের ।
জান্তব প্রবৃত্তিরা মানুষেরও থাকে । তবে,
তুমি তেমন অনুদার নও যে কেবল শুতে চাও ।
অন্তরে একজন সুন্দর মানুষ হলে,
'ভালবাসা কিভাবে মানুষকে বিবর্তিত করে' -
তুমি তা আপন জীবনে, আপন নিষ্ঠার অধিকারে,
অনেক বেশি সরাসরি প্রত্যক্ষ করতে চাও !
তোমার দ্বারা আর একটি মানুষের যাপন-পরিসর প্রসারিত হ'লে
তোমার নিজের এ ধরায় আগমন সার্থক মনে হয় ।
তুমি তাই ভালবাসতে ভালবাসো !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন