বুধবার, ৯ আগস্ট, ২০২৩

অবিচ্ছেদ্য সন্ধি

সহ + অনুভূতি = সহানুভূতি

মানে - বিবেকের সজীবতার
ও আগ্রহের তীব্রতার জোরে
তুমি যে অবধি অনুভব কর
তেমন ক'রেই ঠিক সে অবধি 
আমিও অনুভব করতে পারি ।

মানে - বাস্তবের প্রতিটি বিষয়ের
অনুভব-ভিত্তিক অনুবাদে
তোমার আর আমার প্রসার 
যথার্থই সহগামী এবং অভেদ ।

মানে - দ্বিতীয় স্তরের মানুষের মত 
একে অপরকে নিম্নতর প্রমাণের তাগিদে
ক্রমাগত দোষারোপে বিশ্বাসী নই,
কারণ, পারস্পরিক শ্রদ্ধাবোধের সাথে
আমরা আপোষ করি না একটিবারও ।

মানে - অনুভবের জগতে 
চালাকির নাক-গলানো
ও আত্মকেন্দ্রিক স্বার্থ-জনিত 
প্রতিটি অনুদার অভিসন্ধি
সমান গৌণ উভয়ের কাছে ।

মানে - অস্থির দৃষ্টির মুষিক-সম নয়, 
আমরা সম্রাটের ঔদার্যে, সিংহ-হৃদয়ে,
ভালবাসাকে 
সফল অবিচলতায় ধারণ করতে জানি ।

কোন মন্তব্য নেই: