চাইছো ভালবাসতে যেভাবে,
সম্পর্কের আকুল আবদারে
জীবনের আবডাল খুঁজে নিয়ে
যেমনটি চাইছো
নিজের একার অধিকারে
আষ্টেপৃষ্ঠে
একবার অন্ততঃ জড়িয়ে নিতে,
সে অবধি ভাসতে গেলে
দু-নৌকায় পা রাখা, মনে হয়, চলে না।
নতুন নাগালে
আশ মিটিয়ে উন্মুক্ত হতে চাইলে
আগের সব বাঁধন
নিষ্ঠুর অবলীলায় ছিঁড়ে ফেলে,
উন্মুখ নিজেকে আগে
সম্পূর্ণ আগলহীন করতেই হয়।
ভালবাসা স্বভাবে স্বাধীন, তবে,
প্রতিশ্রুতিদের আবার
দায়িত্বের সিন্দুকে
জমা রাখার দায়ও থাকে জীবনভর।
একজনকে
অতীতে দেওয়া ভরসার আশ্বাস
অপরজনের প্রেমে পড়ে
বিলকুল ভুলে যাওয়াকে
জীবনের কোনও মরীয়া ইচ্ছার শর্তেই
মানবিক বিবেচনাবোধ বলে না।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন