গতকাল যিনি এসেছিলেন, তিনি আমার পূর্ব-পরিচিত। আকুল বিশ্বাসে ডাকতে পারলে তিনি চোখ মেলেন মানুষের বিবেকের মাঝ হতে।
গতকাল অনেকদিন পরে তাঁকে পাওয়ামাত্র বললাম "আমার বর্তমান ভাগ্যের স্তরটিতে মন ভরছে না আর। আমি উর্ধ্বতরকে ছুঁতে চাই।"
তিনি মৃদু হেসে বললেন "অধিকাংশ মানুষ যাকে অসম্ভব বলে, তাকে পেতে চাইছো? এটা সুখ ও আলস্যের সহজ পথ নয়, অথচ, অসম্ভবও নয়, নিজেকে পাল্টে নিতে বদ্ধপরিকর হলে।"
আমি জানতে চাইলাম "আমাকে কি করতে হবে?"
তিনি বললেন " পাহাড়ে ওঠার ট্রেনিং করতে হবে। ভোগের উৎরাই ছেড়ে দূরবর্তী লক্ষ্যের কঠিন চড়াইতে রোজ উঠতে থাকায় ক্রমশঃ নিজেকে অভ্যস্ত করা প্রয়োজন। আপোষ করলে হবে না একটিবারও। লক্ষ্য স্থির থাকলে, দূর ক্রমশঃ স্বচ্ছ ও নিকটবর্তী হতে শুরু করবে। ধৈর্য ধরতে হবে আর মনকে অনবরত কাঠিন্যের ব্যায়ামে ব্যস্ত রাখতে হবে, যেন অবচেতন হতে প্রবৃত্তি জেগে উঠে, বিপথগামী সিদ্ধান্তের অধিকার একটিবারও না পায়। তার সুখ না পাওয়ার যন্ত্রণা সে নিজে বহন করবে না। বহন করতে প্রবল কষ্ট চাপিয়ে দেবে তোমারই উপরে এবং দিনের পর দিন।
এটি জীবনের কঠিনতর যুদ্ধ, কারণ প্রতারক প্রতিদ্বন্দ্বীটি বাইরে নেই। সে ওৎ পেতে রইবে পদে পদে তোমারই সামান্য অন্যমনস্কতার সুযোগের।
তোমার আপন নিষ্ঠা ঐকান্তিক হলে চেষ্টা ফলপ্রসু হবে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন