শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

কায়দা-১

প্রেমে পড়ার পরে জাগতেই হয়

গুরুত্ব পাওয়ার বাসনা।

চৌম্বকত্ব এবং বিরহের ছলে 

নিত্য-নূতন গল্প বলায়

যথেষ্ট দক্ষতা থাকলেও,

প্রকৃত গুরুত্ব পেতে

সাথে সঙ্গতিকে থাকতেই হয়।


সঙ্গতি মেলে - শুদ্ধ শ্রদ্ধা ও 

বিশেষত্ব অনুভবের বিরল সামর্থে 

অপর হৃদয়-সরোদে

সুরের সার্থক অনুনাদে 

গভীরে শিহরণ পাঠাতে জানলে।


অহমিকাশূন্য অনুরাগের 

সমর্পণী গাঢ় তরল 

ক্রমশঃ ভরতে ভরতে 

একদিন বাধ্য উপচে পড়ে

শেষ সীমানা ছাপিয়ে,

অপর হৃদয়কে যেদিন 

অভিমানী অপচয় রোধে

মৌনতা ভেঙে সাড়া দিতেই হয়।


ব্যক্তিত্বে ডাকসাইটে হলেও,

কোন প্রকার 'আমি'-র বড়াই জাতীয়

অন্য আর কিছু কি তেমন 

কাজে লাগে 

পরিনয়ের সার্থক পরিনতিতে ?

মনে হয় ততটা নয়।

কোন মন্তব্য নেই: