প্রথম কয়েকদিন নিজেরই কষ্ট হতো খুব,
মনে পড়লেই - কতটা যন্ত্রণা দিয়েছে
ওই শকুনী-চক্র, নিছক একা পেয়ে
অভিমন্যু মেয়েটাকে।
ধিক্কার বিন্দুমাত্র না কমলেও
যে কোনও কষ্ট সয়ে আসতেই হয়
ক্রমে ক্রমে।
তবে, তারই মাঝে
এক বিপ্রতীপ পরিতৃপ্তির উদয় ঘটেছে
ইদানিং।
কারণ -
শুধুমাত্র তেলবাজ আর ধান্দাবাজ ছাড়া
( ওই যারা প্রকৃত অর্থে মেরুদণ্ডহীন )
আপামর বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে
আর একবার মশাল হাতে
উঠে দাঁড়িয়েছে,
সব বিভেদের স্বভাব-বৈধব্যকে
ছুঁড়ে ফেলে, সমস্বর বিবেককে
স্বতঃস্ফূর্ত তেজের
বিরল মূর্চ্ছনা যোগাবে ব'লে।
কী উজ্জ্বল যে লাগছে বাঙালিকে
দেখতে আবার !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন