সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

অনভিজ্ঞ

চুটিয়ে প্রেম করার স্বপ্ন ছিল মনে?
কিন্তু বাস্তবে চেষ্টা করতে গিয়ে ব্যর্থ?

কারণ তুমি সরাসরি
ফিফথ গিয়ারে ঢুকিয়ে দিয়েছিলে চেষ্টা—
ইঞ্জিন তখনো কাঁপছিল,
ক্লাচের নিচে লুকিয়ে ছিল ভয়,
আর রাস্তাটা—
সে তো এখনো মানচিত্র শেখেনি।

প্রেম কোনো হাইওয়ে নয়
যেখানে গতি মানেই গন্তব্য।
প্রেম এক অদ্ভুত শহর—
যেখানে সিগন্যাল ঘুমিয়ে পড়ে,
আর হর্ন বাজায় স্মৃতি।

ব্যাক গিয়ার কেউ শেখায় না—
ওটা শেখে মানুষ
ভুল মোড়ে ঢুকে,
আয়নায় নিজের মুখ দেখে,
আর বুঝে যায়
পেছনে ফেরাটাও এগোনোরই
একটা গোপন কৌশল।

তুমি না শিখেই ছুটেছ,
কখন থামতে হয়,
কখন নামাতে হয় গতি,
কখন রাস্তার পাশে দাঁড়িয়ে
ইঞ্জিন ঠান্ডা করতে হয়—
এই ছোট ছোট ব্যাকরণগুলো ....

তাই প্রেম বারবার
জ্যামে আটকে পড়েছে,
চারদিকে অচেনা মুখ,
হালকা বৃষ্টি,
আর তুমি—
স্টিয়ারিংয়ে দু’হাত রেখে
অকারণে ক্ষমা চাইছ
যেন হওয়ার কথা ছিল 
রাস্তাটা একা তোমার।

মনে রেখো, পূর্ণউদ্যমে
ভালোবাসা চালাতে গেলে
শুধু অ্যাক্সিলারেটর নয়,
ব্রেক, ক্লাচ,
আর মাঝে মাঝে
নির্লজ্জ ব্যাক গিয়ারও জানতে হয়।
নইলে
গতি থাকবে,
কিন্তু এরকমই পৌঁছনো হবে না গন্তব্যে। 

কোন মন্তব্য নেই: