সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

রহস্যের ইশারা

বিশেষ কারোর প্রতি নিঃশব্দ টান
কোনো যুক্তির পথ ধরে আসে না—
হঠাৎই একদিন
মন যেন অচেনা দরজায় কড়া নাড়ে,
যেখানে আলো–অন্ধকার মিশে
এক রহস্যের নীল ছায়া তৈরি করে।

সেই ছায়ার ভিতর
লুকিয়ে থাকে রোমান্সের গোপন গুঞ্জন—
অলক্ষ্যে দু’টি হৃদয়
যেন দূর দূরান্তর থেকে
এক অদেখা সুতোয় বাঁধা হয়ে
ধীরে ধীরে একে অপরের দিকে
ঢেউয়ের মতো এগিয়ে আসে
অপ্রতিরোধ্য বিনিময়ের তাগিদে।

মুহূর্তগুলো তখন
সচিনের সেঞ্চুরির চেয়েও টানটান—
কিন্তু এই উত্তেজনা দিনের আলোয় নয়,
আড়ালের নরম অন্ধকারে জন্ম নেয়,
যেখানে চেনা চোখ পৌঁছায় না
কিন্তু পরাণের কান সব শুনে ফেলে।

নিঠুর সত্যি—
ঘরের মানুষ, ওঠাবসার মানুষ,
দৈনন্দিনতার মানুষ—
তাদের জন্য এই গোপন ঝড়
আদপে নামে না।
পরিচয় যত ঘন,
রহস্যের অলৌকিক 
তত উধাও হয়ে যায়।

তবুও, অনুভবের দেশ
সবসময় নিয়ম মানে না—
সেখানে প্রেমের সীমানা
রক্তের নয়, চোখের নয়,
শুধুই এক অপরিসীম
গোপন কম্পন
যা বোঝা যায়,
শুধু অনুভব করা যায়।

সমাজ চাইলেই আঙুল তুলুক—
হৃদয়ের রহস্যের ওপর 
কারো অধিকার নেই।
মানুষ তো শেষ পর্যন্ত
আলো-ছায়ার তৈরি এক যাত্রী,
যে জীবনের নিষিদ্ধতম মুহূর্তে
কখনো কখনো খুঁজে পায়
নিজের সবচেয়ে মহৎ সত্য
এবং সবচেয়ে লুকানো
হৃদয়ের টান।
এই অধিকার হরণের সম্মতি 
এ জগতের 
কারোর জন্যই নেই। 

কোন মন্তব্য নেই: