প্রেম থেকে নিমেষে মুখ ফিরিয়ে নাও?
বাহ! কী চমৎকার কাণ্ড!
এমন স্মার্টনেসে ভরে গেলে তো
গাধারাও মাথা নত করবে।
তুমি কি ভেবেছো,
অশ্রদ্ধা মানেই আধুনিকতা?
না কি শ্রদ্ধাহীনতাই
তোমার সর্বশেষ ফ্যাশন?
শোনো—অশ্রদ্ধা আসলে
অকাল-শ্রাদ্ধেরই আরেক নাম,
আর অকৃতজ্ঞতা হলো
সেই মৃতদেহ টেনে নেওয়া কবরস্থানে।
তুমি কি জানো প্রেমের গভীরতার মাহাত্ম্য?
না কি ভালোবাসো
প্রতিদিন নতুন আবেগের চটকদার আতসবাজি?
তাৎক্ষণিকতায় ভেসে গিয়ে
তুমি কি নিজেকে চালাক ভাবো?
হাস্যকর!
তাৎক্ষণিকতা তো শিশুর খেলনা,
স্থায়িত্বই আসল প্রজ্ঞার পরিচয়।
তাহলে বলো,
তোমার কাছে স্মার্টনেস মানে কী?
কিছুদিনের জন্য কারও আলোয় বসে গরম হওয়া?
নাকি আজকের প্রেম কালকের আবর্জনায় ছুঁড়ে ফেলা?
যদি এ-ই স্মার্টনেস হয়—
তাহলে দয়া করে গর্ব কোরো না,
কারণ এটি কেবল পালানো,
এটি কেবল আত্মবিসর্জনের বোকামি।
শোনো—
সবচেয়ে ধারালো বুদ্ধিমত্তা
কখনো পালিয়ে যায় না,
বরং দাঁড়িয়ে থাকে একাগ্রতায়,
প্রমাণ করে:
প্রেম মানেই স্থায়িত্ব,
আর স্থায়িত্বের বাইরে
স্মার্টনেসের নামে যা আছে—
তা কেবলই সস্তা ভণ্ডামি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন