শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

ভাবনার খেলনাবাটি

পার্থিব দখলদারি নিয়ে ভাবছি না।
কারণ - শরীর ভোগের 
শেষ ব'লে হয় না কখনো কিছু।

তবে, পার্থিব অধিকারবোধ
সুখকে যত না স্থায়ী করে,
দুঃখকে আমন্ত্রণ জানায়
তার থেকে সর্বদা অনেক বেশি।

তবু, অধিকারবোধেরও সৌন্দর্য হয়,
যদি হয় শুদ্ধ বন্ধুত্বে,
দেনা-পাওনার ফাঁদে না প'ড়ে।
বন্ধু-সুলভ দাবীতে তাই
মনের উপরে চাপ পড়ে না কোনও,
জোর - যতই খাটানো হোক ।

তাব'লে ভোগ কি অসুন্দর কিছু?
না, তেমনও মোটেই নয়।
ভোগ তৃপ্তি দানের চরমে ওঠে
যখনই একটি সংবেদনশীল মন
নিজের চাহিদা অপেক্ষা
অপরের চাহিদাকে
অধিকতর গুরুত্ব দিতে শেখে। 

সবই তো বোঝা গেল।
কিন্তু তারপরেও আমাদের মাঝে
কী যেন একটা কিছু
খুবই গুরুত্বপূর্ণ 
এখনও বাকিই রয়ে গেল !

কোন মন্তব্য নেই: