খুব পালিয়ে যেতে ইচ্ছে করে
একদিন এমন একটা ঘরে
যার চারপাশ বাগানে ঘেরা
আর একটু দূরে সাদা বরফের পাহাড়।
বাগান আর পাহাড়ের মাঝে
ঘন সবুজ বন
যেখানে অনেক রকম পাখির বাস।
আমার অবশ্য
বাঘ-সিংহদের বেশ ভয় করে।
আমি যদিও একলা থাকতে
দিব্যি ভালবাসি, তবে,
একজন মনের মত মানুষ পেলে
আমার দিনভর
বকবক করতে ইচ্ছে করে।
আমার স্কুল-বেলায়
তেমন প্রাণের বন্ধু ছিল
মাত্র একজন,
যে কথা বললেই মনে হতো
আমারই ভাবনার প্রতিধ্বনি,
যে সুইসাইড করে মারা গেছে
কয়েক বছর আগে
আর আমি স্বপ্ন দেখলাম
আমার আগে হাঁটতে হাঁটতে
ক্রমশঃ এতই দূরে চলে গেল সে,
সহস্রবার নাম ধরে ডেকেও
সাড়া আর পেলাম না তার।
হাতে পয়সা এলে ভাবছি
বেরিয়ে পড়ব একদিন।
তুমি কি না ব'লে
হঠাৎ সঙ্গী হবে আমার?
তোমাকে যদিও এখনো চিনি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন