বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

উদ্ধার

মানুষের ক্ষমতা খুব বেশি নয়।

মানুষ যাকে অন্তর হতে ভালবাসে,
সব বিপদ-আপদ হতে
তাকে প্রাণপণে বাঁচাতে চায়।
মানুষ আর কতটুকু পারে?
প্রবল ঝড় জলে
মানুষ যখন 
নিতান্ত অসহায় হয়ে দেখে
তার কিছুই করার নেই আর,
তখন তার ভালবাসার মানুষ কি
অবধারিত হারিয়ে বা ডুবে যায়?

মানুষ অনেক সময়েই
নির্বাক বিস্ময়ে খেয়াল করে -
যখন বাঁচার আশা ছিল না কোনও,
ঠিক তখনই, কে যেন
বিশ্বস্ততম বন্ধু হয়ে আবির্ভূত হয়,
তার ভালবাসার মানুষটিকে
অধিকতর ভালবেসে
কোলে তুলে নেয় পরম মমতায়
আর তার বিপদের লগন
কতই না অনায়াসে পার করে দেয়।

অহমিকা তখন প্রমাণ পায়
এ জগতের অলক্ষে
অপর কেউ থাকে তার পরম সহায়,
যখন নিঠুর বাস্তব 
মাঝেমাঝেই প্রমাণ করে দেয়
মানুষের আপন ক্ষমতাটুকু
তুচ্ছতার আবিলে
আদপেই খুব বেশি নয়।
.
http://royedds.blogspot.com/2025/01/blog-post.html

কোন মন্তব্য নেই: