দৈনন্দিনতার আরোপিত বিধি
পরাণে হাঁপ ধরিয়ে দিলে
বছরে দুই একবার পালিয়ে বাঁচে মানুষ।
চলে যায় পাহাড়ে, সাগরে অথবা জঙ্গলে।
কথার বিচিত্র অনধিকার
কোলহলের হলাহল
আর থোর-বড়ি-খাড়া বক্তব্যের
একঘেয়ে প্রতিনিয়ত শব্দ-তাণ্ডবে
যাপন - বাধ্য, ব্যাজার হয়ে এলে,
যার স্বভাব-নির্জনতার
সহজাত নির্ঝরে গিয়ে
তখন নিজেকে পুরোটা খুলে,
নিরাপদে, তিলে-তিলে ধুয়ে নিলে,
প্রশান্তির পুনরাগমনে
আকাশের সুনীল বিশালতাকে
ফিরে পাওয়া প্রতিবার ফের,
তেমন বিরল অবসর, আমারই অপেক্ষায়,
তুমি বিনা আর কে ছিলে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন