বুধবার, ৭ জুন, ২০২৩

প্রবাহ

মানুষ, হামেশাই, নিজেকে ন্যূনতম যত্ন
না করে, না ভালবেসে,
ফেঁসে বসে থাকে নিজের মোহে ।
শুনতে অবাক লাগলেও
এ এক নির্মম সত্য ।
কী না কী, বিরাট কেউ এক, 
ভেবে চলে নিজেকে মোহ-জনিত অন্ধত্বে,
যে স্বীকৃতি বাস্তব হতে পায় না অধিকতমে ।

নিজেকে শ্রদ্ধা করতে না শিখলে
সাচ্চা হৃদয়ে
ভালো আদৌ কি বাসা সম্ভব,
সে যাকেই হোক !

বীণা কি মিলাতে পারে সুর বাঁশির ডাকে
নিবিড়তার তুঙ্গমুখী অভিযানে,
দিশা যদি অভেদ না পারে হতে ?
আত্মশ্রদ্ধা আর ভালবাসার মধ্যে
কে গুরুতর ও গভীরতর ? 
কে কারণ আর কে কার্য ?

ভালবাসা যদি 
শ্রদ্ধাকে অস্বীকার ক'রে
জিতেই যায়, তবে
উভয়ের মাঝখান থেকে
সংযমের আপাদমস্তক শাসনকেও 
একদিন চিরতরে সরিয়ে দিয়ে 
অগত্যা বারোয়ারি হয়ে যাব, শ্শালা ।

ভালবাসার মানে শেষে যদি দাঁড়ায় শুধু
হাতেনাতে বিশেষ সেই একটি কিছু করা,
তবে, যে কোনও কেউ 
যখনই ভালবেসে, যেমন উপায়ে চাইবে,
কোনও সংরক্ষণ না রেখে,
তাকে, তক্ষুণি, তেমন ভাবে করতে দেব ।

কোন মন্তব্য নেই: