একের পিঠে এক অভ্যাসের ইঁট
আসক্তির আঠা দিয়ে জুড়ে জুড়ে
ক্রমশঃ ঘর বানায় মানুষ
আজন্ম নিরাপত্তার চাহিদায়
কখনো কখনো বহু বছর ধরে ।
অথচ, তেমন যতনে গড়া
সোহাগের আবাসনখানি
এক ঝটকায় ছুঁড়ে ফেলে
সম্পূর্ণ অনিশ্চিতের তাগিদে
সহসা বেরিয়ে পড়ে - সেই একই মানুষ,
বুকের গভীরে একবারটি তার
ভালবাসার বেসামাল সুরটি
আকুল হয়ে ডাক দিলে ।
চেতনার নিগূঢ়ে লুকিয়ে থাকে
সুপ্ত কারুবাসনা প্রতিটি মানুষের ।
সহসা ঘুম ভেঙে
নিজেকে তখনো অতীতে দেখতে পেলে,
প্রতিবেশ পাল্টাতে চায় তার ।
অদূরে বাঁশির আবাহনও প্রকট হতে হয়
ফের তাকে
টাটকা ও নতুন সবুজে গড়ার
চৌম্বক মরীয়ায় ।
অলখে সাড়ার তাড়া
বাধ্য হয়ে, শিকল অবধারিত ছেঁড়ে,
প্রেমাস্পদের হাতটিতে
অধিকতর নির্ভরতা খুঁজে পেলে ।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন