বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

ভালবাসতে পাগল

জীবনের প্রতিটি ঘন্টা, প্রতি মুহূর্তকে,
আপন উন্নততর সংস্করণ
সৃজন ও আবিস্কারের কাজে লাগাও ।
যেনতেন প্রকারেণ
প্রাণপণে খুঁজে বের করে, তবে ছাড়,
আসলে, কতদূর অবধি সুন্দর হতে পার
আর আরও ঘাম ঝরিয়ে নিখাদ ভাল 
এরপরে কত বেশি হতে চাও ।

আগের থেকে একধাপ উন্নত হলেই
তৎক্ষণাৎ কৃতজ্ঞতা প্রকাশ কর
ও শুদ্ধ আনন্দের পরিবেশ দেওয়ার জন্য 
আপন সৎ প্রচেষ্টাটুকুকে 
নিঃসংকোচে ধন্যবাদ জানাও ।
আত্মশ্রদ্ধাবোধের শক্ত কাঠামোয়
ভালবাসার মাটি লেপে লেপে
নিজের ব্যক্তিত্বের অবয়বটিকে 
দিনে দিনে
প্রেমময়ী মাতৃমূর্তির মত সহজিয়া রূপ দাও ।

কোনও পার্থিব সুখ নয়, এ জগতে 
একমাত্র উত্তরণের নিরন্তর অভ্যাস
জীবনকে অনবরত
জীবন্ত উৎসবে পাল্টে দিতে পারে ।
বাঁচবেই যদি, তবে পরমুখাপেক্ষিতার
একটিও দায়সারা করুণায় কেন ? 

শেষ নিঃশ্বাস অবধি
মাথা উঁচু করে, প্রবল দাপটে, 
অপ্রতিরোধ্য আত্মবিশ্বাসের জোরে
শুদ্ধ কারুবাসনায়
অর্জিত স্বর্গীয় সৃষ্টির স্বাধীনতায় 
প্রাণখুলে বেঁচে নাও ।
জীবনের অনন্য বিন্যাসকে
দুরন্ত কবিতা রূপে রচনা করে রেখে যাও ।

কোন মন্তব্য নেই: