বুধবার, ৩ আগস্ট, ২০২২

পরশ

সমুদ্র মানেই তো জল ।
তবু তারা পৃথক - সুনির্দিষ্ট রেখা বরাবর,
যেখানে ভালবাসার সুনীল মেশে
কামনার লালে ।

বিভেদরেখাটি তারা চেনে, যারা জানে
রাশটি ঠিক কোথায় ধরে রাখা 
আবশ্যিক হয় !
সংযম, পরিমিতি, মাত্রাবোধ, বিনয়
এরাই মানবজীবনে
সুন্দরের প্রতি অটুট শ্রদ্ধার ধারক ।
অনুভবীর 
অনুভবকে ছুঁয়ে থাকা সম্ভবপর হয় ।

প্রেমের মুখোশ-তলে
কাম, লোভ আর মোহ
রোমাঞ্চের নামে বারবার
নিছক কায়িক-স্বার্থে 
অসুন্দরের পসরা সাজায় ।
সশব্দে ও নিঃশব্দে দর হাঁকে ।

একবার কিনলে 
এবার ক্রমশঃ দর বাড়াতে বাড়াতে
একদিন তিক্ততার স্তরে পৌঁছে যেতেই হবে 
অথবা, না কিনলে তুমুল গালাগালি দেয়
আর আপন বিরহে পরকে অভিযুক্ত করে।
প্রেমের তাই
সাময়িকই চিরাচরিত নিয়তি হতে হয় ।

আন্তর-প্রসন্নতা রক্ষায়
সুন্দর 
অসুন্দরের প্রতিবাদে 
কোমর বেঁধে ঝগড়া করে না ।
কেবল নিঃশব্দে প্রস্থান করে ।
একবার চেনা উঠোনটি পেরিয়ে গেলে
আর ফিরে আসে না অতীতের স্থুলে
অকারণ রুচির বেসুর-অসুর সমস্যায় ।

কোন মন্তব্য নেই: