তোমার তাকানো-রা পাল্টেই গেছে আজকাল, জানো,
পূর্বের স্থিরতা হতে অস্থির দক্ষিণে ।
দৃষ্টিতে প্রায়শই চাতকের মরীয়া ভাব,
চাইছো খুঁজে পেতে সেই তাকে
যে বাইরে ছিল না কখনো
আপন প্রশান্তির ঘরটি পরিপাটি চিনে ।
চাইছো তাই
ভীষণ কষ্টের মাঝেও ফিরে পেতে,
ফিরে যেতে সে তোমাতে,
সকালের শরীরচর্চা সকলকে ছাপিয়ে
দৃপ্ততার অভ্যস্ত উৎসব ছিল
যার অভ্যাসের দৈনন্দিনে ।
আবার ডাকুক বাড়ির ছাদ তোমাকে
নিত্য আলোর উৎসবে ।
বাঁচতে চেও না এর পরও, ভুল ক'রে,
আপন স্বভাবসিদ্ধ আত্মপ্রত্যয় বিনে !
নিজেকে না প্রাণ-ভরে ভালবেসে
অপরকে ভালবাসার স্বপ্ন
অলীকই হতে হয় ।
উজ্জ্বল যাপন তোমার
হাঁপিয়ে উঠেছে বড় আজকাল
ভুল পরিসরে অবসরের ক্ষীণে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন