বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

অন্তঃসার

উজ্জ্বল পোষাকের হৈ হৈ ভীড়  ।
উচ্চস্বরের হাসিতে গমগমে ঘর !
শুভেচ্ছার ঝড় ।

অথচ, "সুখের তুঙ্গে" নাটকের
সখের অভিনয়ের শেষে,
ষোলতম বিবাহবার্ষিকীর 
অধিকতর রাতের অধিবেশনে
তারপরে পড়ে নেই 
খুব বেশি গরবের উদযাপন ।

পেট আর তলপেটের ক্ষুধা নিরসন
আর পার্থিব উপহারে ভালবাসার প্রমাণ
এর বেশি আর কিছু পরিণাম
চাইতে শেখেনি এযাবৎ সুখলোভী মন ।

দেওয়ায় কার্পণ্য
হিসেবী মনের আপন গোপন অভিসারে
সংকীর্ণতা খুঁজে পেয়েছে যত,
নিখাদ ভালবাসার গুণে প্রাপ্তির পরিসর 
কমতে থেকেছে ঠিক তত
গুনে গুনে সমানহারে ।
 
যৌনতা দিনে দিনে চলেই গেছে,
যেমন যায়, অগুনতির পথে ।
অথচ, নিঃশব্দ নির্ভরতার বিশ্বস্ত শর্তে,
মাত্র পাঁচমিনিটের একান্তে,
কেবল বুকে জড়িয়ে ধরে রাখার 
সহজলভ্য অথচ উর্বরতম 
প্রেরণার সারটুকু না পেয়ে,
প্রতিরাতে অভুক্ত থেকে যেতে যেতে,
প্রথম দিনের চনমনে সবুজ 
আর সতেজ অনুরাগ
ক্রমশঃ হয়ে গেল ম্যাড়মেড়ে হলুদ
রোজ, যৎসামান্য হারে ।

অলীক কল্পনা-বিলাস
বাস্তবকে রচেছে সূক্ষ অবহেলায় ।
ফলতঃ, আত্মমুখাপেক্ষিতার তীব্র দৈন্যে
"দোষ সবই একা তার" -
উদযাপিত হতে থেকেছে অসংখ্যবার
নিত্য অভিযোগের অফুরন্ত অবসরে ।

পরাণের স্বার্থমুক্ত পরশের 
দৃষ্টিকটু অভাবের ধৃষ্টতায়,
"আগ্রহ, আনন্দ আর গরব"
এই তিনটি অনুভূতির নিরন্তর চর্চার 
স্বতঃস্ফূর্ত উদারতা 
পায়নি ভুলেও ঠাঁই
দাম্পত্যের নিরঙ্কুশ অধিকারে ।

কোন মন্তব্য নেই: