রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

পথ

প্রবৃত্তিরা মহানুভব হয় না সচরাচর ।
তারা তোকে চাটা, চোষা, ঘষার
অন্ধকার স্বপনের কারায়
আটকে রাখতে চাইতেই পারে ।
তুই যাকে প্রেম বলে ভাবিস,
সে অবশেষে কাম, লোভ আর মোহ
এই তিন রিপু-প্রবৃত্তির সমাহার হয়ে
দংশন করে তোকে নির্মমতম ক্রুরতায় ।

তোর প্রয়োজন নেই
প্রবৃত্তির বশ্যতা মেনে নেওয়ার ।
তুই বাঁচতেই পারিস
আপোষহীন সুন্দরের সর্তে ।
ভালবাসতে পারিস 
শ্রদ্ধা ও পবিত্রতার অবধারিত সহযোগে,
ঠিক যেমন মা, বাবা অথবা
প্রিয় শিক্ষক কে ভালবাসিস !

ভালবাসা শ্রদ্ধার ও পবিত্রতার 
সুসহযোগ পেলে, তবেই হতে পারে
প্রকৃত আত্মবিকাশের তীর্থক্ষেত্র !
আলোর উৎস হয় আপন অন্তর ।
সে উপযোগিতা 
সর্বাধিক মূল্যবান এ মানবজীবনে 
সার্থকতার নিরিখে ।
তাকে হারিয়ে ফেলিস না স্বেচ্ছায়
প্রবৃত্তির ছলনার শিকার হয়ে ।

ভালবাসা ঠকায় না !
সে ভোলে না, পূজার প্রসাদ-সম,
সময় মত ভরে দিতে আঁচল তোর
প্রাপ্য সুখের বানভাসি তে ।

কোন মন্তব্য নেই: