বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বিস্মরণ

কবিতার মেঘ ভেঙে 

ভালবাসা অঝোরে ঝরে পড়লেই,

ভেজাবে বলে -

বলা নেই, কওয়া নেই, আমাকে 

হিড়হিড়িয়ে রাস্তায় টেনে নিলে !


পরাণের ট্রামলাইন ধরে 

হাত ধরাধরি হাঁটতে শুরু করলে

টুং-টাং বেজে ওঠে 

পাতা-ঝরার ঝরণা চেনানো 

অপার্থিব সেতার !

সুর চিনে নেয় কোমল ঋষভ,

প্রতিবার, অন্তরের অবধারিত মিলে ৷


চাষের বেগারে বেমানান যুগল

ধান ভাঙতে হয়তো ভাঙা কুলো ৷

জীবন তবু জোয়ারে টইটুম্বুর

দৃষ্টিকে দৃষ্টি ছুঁলেই

দুষ্টুমির অবধারিত খিলখিলে !


তালে থাক সকলের ভাঁড়ার ঠাসা ৷

বুঝি না কি ভাবে 

এত খুশি জোটায় সামান্য তিলে ৷


হিসেব রেখো না শুধু

কি চেয়েছিলে, কি পেলে,

বরণডালাকে থরে থরে 

কেমন যতনে সাজিয়েছিলে

আর না চাইতেই, হালকা ঢলে,

আপন প্রস্রবণ হতে, ঘন মধু,

কখন, কোন অবধি ঢেলে দিলে ৷

কোন মন্তব্য নেই: