আমার হাত দুটি ধরে
বিপরীত মুখে টানছে
একে একে, একা যত
সমর্পণের আকুতিরা !
তাদের জানা দুটিমাত্র ভিন্ন ভাষা -
"ভালবাসি" আর "শোবে এসো" !
এক দিক হতে - যে সততই নির্দোষ ভালবাসা,
( যার উদ্ভাস
সৃষ্টি আর পুনর্জনমের আলোকে ),
অপর দিক হতে - সে ই সুখের মোহ,
( যার অবশেষ-নিয়তি
অবক্ষয়ে অন্ধকারচ্ছন্ন লয় ) ৷
সে নিজেই খুঁজে পায় না তফাৎ -
আপন যুগল বিপরীতমুখিতার !
দুদিকই সমানতালে আশাবাদী,
পুরোটা অবশ্যই পেয়ে যাবে
একার অধিকারে
কোনও এক বিরল সুসময়ে ৷
ছিঁড়ে যাচ্ছি প্রতিটিবার
ক্রমশঃ, আরও কিছুটা করে
বিভাজনের যন্ত্রণা সয়ে সয়ে ৷
বাধা হয়ে দাঁড়াবার মত
ছেঁড়ার আচমকা শব্দ
জোটে না এ পীড়নে -
প্রতিবাদে বা আর্তনাদে ৷
একই জন্ম-নক্ষত্রের নয় ব'লে,
তারা কেউ বুঝবে না, এও জানি,
বাধ্য মৌনতার গগনবিদারী ভাষা !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন