পলান্ন - প্রিয়তম আহার !
সে কারণে বারণ পেরিয়ে এসেছিলে !
আর আসামাত্রই যেমনটি হতে হয়,
স্বপ্নের বাড়ি পরিপাটি সাজাতে সাজাতে,
হেসে, তোমার অভ্যস্ত নিয়মে,
আর অধিক না থেমেই,
আঁখি তুলে, নিপুণ প্রেমও সেধেছিলে ৷
অথচ এ ভাঁড়ারে
সব রং মিলে যাওয়ার পরে
তখন অবশিষ্ট পড়ে -
মাতৃপ্রবণ, শুধুমাত্র সফেদ বৃদ্ধি-কারকতা !
পছন্দের আহার না পাওয়ার কারণে
ক্ষুধার কষ্টে জর্জরিত হতে হতে
একসময়ে, দেনা-পাওনায় ধৈর্যের অন্তে
অপারগের কার্পণ্যকে দুষেছিলে !
ফিরে গিয়েছিলে - খেয়াল না করে,
আকুল আমন্ত্রণ, তখনো,
কানায় কানায় ভরেছিল - অপেক্ষায় !
মোহরঙের আধিক্যে, একচোখে তবু
নিছক গোপে
আমিষের কুশলী রন্ধনশিল্পী খুঁজেছিলে !
তোমার প্রতিটি রাত্রির
আর্তির ব্যর্থতা-জনিত অভিশাপ
শিশুর বিরল-কোমল খেলনার মত
তুলে রাখা সঞ্চয়ে, যত্নসহকারে,
পরদিন ভোরে !
এ ধরার নির্দোষ নিয়মে
হে অমোঘ, আবার, আরো একবার
প্রাপ্যকে নিয়তি-রূপ দিয়েছিলে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন