আপাতঃ ও প্রকৃত
নিঃশব্দে জানো - অর্থবল
উদারতম পরিসরে
একা তোমার নির্দেশে নতজানু আছে
আর ভিক্ষুক মানসিকতা
বন্ধক দিতে রাজি আপন হৃদয়
আগবাড়িয়ে, অনুদানের কাছে !
তুমি তাই সশব্দে পয়সা ছড়াও
আর মানুষ তোমার মহত্ত্বের ছায়ায়
কৃতজ্ঞ উলুধ্বনির যৌথতায় বাঁচে
জমতে থাকা তোমার গুদামঘরে
একটিমাত্র অঙ্গুলিহেলনের অপেক্ষায় -
বিবেকে ক্রীতদাস তারা - অজস্র হারে
সরাসরি বাজারে বেচতে নিজেকে,
ক্ষমতার হাতকে শক্ত করতে আরও,
করে যেতে, বিনীত চিত্তে, বারে বারে
নিয়ম করে, নতুন হারে, উৎপন্ন হতে
তোমার মালিকানায় অধিকৃত
অদৃশ্য কারখানার বেদরদী আঁচে !
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন