শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

অবিনশ্বর

একদিন আমার দিনগুলো ছিল 
পাহাড়-প্রমাণ ভারী—
দায়িত্বের বোঝায় সতত নুয়ে পড়া,
কাদায় আটকে থাকা একটি গাড়ি
যেন চলার ভারেই ক্লান্ত 
ও প্রায় স্থবির।

তবু, নিস্তব্ধতার মাঝে
জেগে উঠত এক স্বপ্ন—
একটি নিভে না যাওয়া অঙ্গার।
সেই স্বপ্ন ফিসফিস করে বলত
একদিন আমি মুক্ত হবো,
যেখানে প্রতিটি ভাবনা,
প্রতিটি কাজ হবে অচেনা, 
শিশুর মতো নির্মল উদ্দেশ্যে,
নির্ভুল সৃষ্টিতে,
উজ্জ্বল পরিণামে।

আমি চাইতাম তেমন জীবন—
যেখানে প্রতিটি মুহূর্ত
বোঝা হয়ে নয়,
আলো হয়ে জ্বলবে,
যেখানে আমার যাত্রা
বেশি কিছু হবে নিছক হাঁটার চেয়ে-
একটি আত্মবিশ্বাসের গান,
একটি দ্যুতি,
শুধু আমার জন্য,
শাশ্বত ও অনন্য,
যখন আমার পরাণ ভরে রইবে
বাঁশির পাগল করা সুরে
তৃপ্তির প্রাণখোলা হাসিতে ।

দিন কেটে গেলেও 
আমি এগিয়ে গিয়েছি পায়ে পায়ে
যুগান্তকারী
সেই অবধারিত লক্ষ্যপথে ।

কোন মন্তব্য নেই: