রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

নিঃশব্দ উদযাপন

মন, প্রায়ই কোলাহলে জড়িয়ে প'ড়ে
উদযাপনকে ভুল বুঝে।
অধিক কিছু চাইতে থাকে—
অধিক স্বাদ, অধিক শব্দ, অধিক আয়োজন—
মনে করে 
সাফল্য বুঝি প্রমাণের জন্যই
এবং 
একটি ভোগের আয়োজন আবশ্যিক।

এই মুহূর্তে,
মন ভুলে যায় ভাবতে,
ভুলে যায় গভীরভাবে অনুভব করতে।
প্রবৃত্তি নিয়ন্ত্রণ নেয় এবং
চালিত করে 
ক্ষণিকের আনন্দের দিকে,
আর সচেতন মন
ছায়ায় অপেক্ষা করে,
নিঃশব্দ, অদৃশ্য।

কিন্তু প্রকৃত সাফল্য—
যা আত্মসৃজন থেকে জন্ম নেয়—
কোনও জাঁকজমক চায় না।
এটি চায় না কোনো মঞ্চ,
কোনও উচ্চ ঘোষণা নয়।
এটি নিঃশব্দে শ্বাস নেয়,
নিয়মিত শান্তির ছন্দে
এবং আত্মমর্যাদার উষ্ণতায়।

এখানে, সাফল্য প্রসারিত হয়
নিজের মধ্যেই ।
আনন্দ ভোরের আলোর মতো ফুটে ওঠে,
নরম কিন্তু নিশ্চিত,
একটি স্বাভাবিক আলো
যা পোড়ায় না, শুধুই উষ্ণতা দেয়।

এই নীরবতায়,
মন স্থির কিন্তু জীবন্ত হয়ে ওঠে
নিজের বেড়ে ওঠায় 
আপন শিকড়টি সঞ্চালন ক'রে।
এটি উপস্থিতির সরলতা আস্বাদন করে,
পান করে ভালবাসা-জনিত
প্রশান্তির ঝর্ণা থেকে,
এবং জানে— এটাই যথেষ্ট।

কোনও প্রদর্শনী নয়,
কোনও বাড়াবাড়ি নয়।
শুধু শান্ত উপলব্ধি—
আমি বেড়ে উঠেছি,
এই মুহূর্তে আমি সম্পূর্ণতর
এবং এটাই সব।

কোন মন্তব্য নেই: