এই মিলি, তাহলে একটু গল্প করি?
এই যে ধর
মানুষ নতুন মানুষকে দেখতে পেলে
আগ্রহ বোধ করে, সদ্য চেনা
মানুষটাকে জানতে চায় আরও,
তার মধ্যে কি
কোনও খারাপ উদ্দেশ্য থাকতে পারে?
একটা মানুষকে জানতে গেলে
বুদ্ধি যতটা লাগে
বুঝতে গেলে অনুভব লাগে বেশি।
অনুভব জাগে শুদ্ধ ভালবাসায়।
জৈবিক কারণে প্রেমও জাগতে চায়।
প্রেম অন্ধ ব'লে
অনুভবকে অবজ্ঞা ক'রে,
কেবল চতুর বুদ্ধির হাতটি ধরে,
আর সব দায়িত্ব অস্বীকার ক'রে,
কল্পিত আবেগের সাগরে
একার সুখের স্বার্থে ভেসে যেতে চায়।
সে ক্ষুধা
মৈথুনে প্রশমন হোক বা না হোক,
মোহটি কিন্তু স্থায়ী হয় না দীর্ঘদিন।
অথচ যে শ্রদ্ধেয় অনুভব
প্রায় মায়ের পারা সূক্ষ দায়িত্বে
সদাজাগ্রত, নিঃশব্দ এক বোধ,
খুব সহজে কিন্তু মরণ হয় না তার।
তোমাকে যতটা বুঝেছি, বিচক্ষণ তুমি।
ক্ষণস্থায়ী মোহের তীব্রতা
না দীর্ঘকালীন আগ্রহের সুসংবাদ
এবার তাহলে বলেই ফেল
তোমার আখেরে ঠিক কি অভিপ্রায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন