"শুয়ে নিলেই
ওমনি মানুষটাকে পাওয়া হয়ে গেল"
- এই চিরাচরিত ভ্রান্তিতে
কত যে মোটাদাগের অপরিনত মনন
ভালবাসার সোনালি সর-পড়া দুধে
অকালে ছানা কেটে দিল !
আরে হতভাগা গাধা,
কেবল যৌনতৃপ্তি পেতে,
কোনও আগ্রহী পরাণের কাছে নয়,
পাঁচশো টাকা পকেটে নিয়ে
কুখ্যাত হাড়কাটা গলিতে যাওয়ার
অতি-সাময়িক প্রয়োজন পড়েছিল ।
জীবনকে গভীরে দেখতে শিখতে হয় ।
কোনও শিল্পীকে মাসের পর মাস ধরে
একটি ছবির আবছা অবয়বকে
ক্রমশঃ পূর্ণ শিল্পকর্মে
পরিনত করতে দেখেছো কখনো ?
মানুষ ব'লে
স্রষ্টা যাকে পৃথিবীতে পাঠান,
সে একটি ভবিতব্যের রাফ-স্কেচ মাত্র ।
তাকে তুমি একটি
জীবন্ত গাছের চারাও ভাবতে পার ।
তোমার দৈনন্দিন জল-সেচন
ও অনুভবী যতনে
তার, দিনের পর দিন ধরে,
একটি সম্পূর্ণ ভিন্ন ও পরিনত রূপে
আত্মপ্রকাশ লাভ সম্ভব হতে পারে ।
তোমার বাগানে
সে ফুল হয়ে রোজ ফুটতে এসেছিল ।
যদি সে অবধি যত্ন নেওয়া সম্ভব হয়,
তবে, অবশেষে, দক্ষ শিল্পী হওয়ার বাস্তবে, প্রমাণিত স্বীকৃতির সুবাদে,
স্রষ্টার বিশ্বস্ত অনুচর হিসাবে
তার সভায়
আপন স্থায়ী আসনটি দাবী করতে পার ।
আর, না পারলে,
আপন অনুদার সুখ-স্বার্থের কারণে
লভ্য - অবধারিত হীনমন্যতার বিষাদে
জীবনকে মুহুর্মুহু পর্যুদস্ত কর ।
ভালবাসা -
জীবনের শ্রেষ্ঠতম অবদান
ও আশীর্বাদ হয়ে উঠতে,
তোমার কাছে, অধিকাংশ ক্ষেত্রে,
নিঃস্বার্থ উদারতা দাবী করেছিল শুধু ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন