কিছু খুবই দামী ভালবাসা
সুরের মিলে বেঁচে থাকা সুখী কলির মত
অনেক দূরে থেকেও দিব্যি ভালো থাকে।
এরা মানব-অন্তরে জাগরিত সাক্ষাৎ শ্রী ।
একে অপরকে কারণে-অকারণে ভুল বোঝা
অথবা তথাকথিত দেনা-পাওনার
মোটা দাগের চাহিদা আদপে নেই ব'লে,
কাছে এসে, চেখে, ঝালাই করে নেওয়ার
প্রয়োজন চোখে পড়ে না খুব একটা এদের,
এমনকি জীবনভর ।
শুধু, যে কথাগুলো, বড্ড অভিমানী ব'লে,
কাউকে বলা যায় না সুদীর্ঘ-দিন,
তারাও এমন বিশেষ ক্ষেত্রে
এক চিলতে অপেক্ষা করার সুযোগ পেয়ে
অনায়াসে অনেকটা ধন্য হতে পারে ।
আসলে ব্যপারটা বিশ্বাস-জনিত নির্ভরের
শ্বাপদ-সুলভ রোমাঞ্চের দুর্লভ এক খেলা ।
দুটো বিশ্বাস দুদিক থেকে এসে জুড়ে গেলে
যে অপার্থিব ভরসার সেতু রচনা হয়,
তার উপর দিয়ে, দুজনেরই, একে অপরকে
ইচ্ছে-মত পাওয়া চলে ।
দুজনের অনুভবের তারে ধরা পড়ে গেলে -
অপর পরাণের সহজিয়া সুর,
মানুষ-দুটো বেশ খেলে যেতে পারে
সকলের মাঝে,
আজীবনের দৈনন্দিনে,
প্রবৃত্তি-প্রবণ সকল সমাগমের
করুণ অন্ধত্বের অবধারিত আড়ালে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন