বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪

বিচক্ষণতা

দিনের পর দিন ধরে,
একটু একটু ক'রে, ক্রমশই 
আরও বেশি বাড়তে থাকবে বয়স ।
তারপরে একদিন, না বলেই 
দপ ক'রে নিভে যাবে প্রদীপের আলো ।

এভাবে হঠাৎই 'নেই' হয়ে যেতে হবে
আর তার দুই বছর কেটে যাওয়ার আগেই
তোমার একদা উজ্জ্বল অস্তিত্বকে
ভুলে যাবে বেশির ভাগ মানুষ ।
বাস্তবকে অস্বীকার করতে পার ?

আর তাই যদি হবে,
তাহ'লে, আপন বাঁচার সার্থকতাকে 
সে-যাবৎ নিশ্চিত তো অন্ততঃ কর ।
সময়ের অলস ও অদূরদর্শী অপচয় বাদ দিয়ে, 
যতদিন বেঁচে আছ,
নিজের স্থায়ী তৃপ্তির তাগিদে 
আপন সুকৃতির বিলক্ষণ সঞ্চয়ী হতে পারো ।

সাময়িক সুখের পিছনে অন্ধ হয়ে ছুটে
জীবনকে অবশেষে ব্যর্থতার দীর্ঘশ্বাসে -
ভিক্ষুক প্রবৃত্তির আক্ষেপে না হারাতে,
যা আমরণ আনন্দ দিতে পারে,
বেছে-বেছে শুধু সেই কাজগুলো ক'রে,
চরিত্রের উদ্যান দুর্লভ সুগন্ধে ভ'রে,
যেকটা দিন নিজে বেঁচে আছ,
সুন্দরের স্বাদে আর ঘ্রাণে
জীবনকে আশ মিটিয়ে উপভোগ তো কর ।

কোন মন্তব্য নেই: