শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

সময়ের কাজ

কিছু কিছু কাজ সময়ে শেষ না ক'রলে
তাল কেটে যায় আর তারপরে সুদীর্ঘকাল 
কিছুতেই আর 
কাজের কাজটি শুরু করার সুযোগই মেলে না ।

এই যেমন ধর, গতকাল সারা দিন ধরে 
শীতের দিব্যি ফুরফুরে মেজাজ !
কতবার বলেওছো, "একবার শুরু করে
তারপরে আর অপেক্ষা করাবে না ।"

অথচ, কারুবাসনা আচমকা জেগে উঠতেই
ক্যাবলার মত
"এক সেকেণ্ড" ব'লে নিমেষে মোবাইলে হাত 
আর তারপরে সময় কতটা, কিভাবে, গলে গেল 
সেকথা জানতেই পারলাম না ।

হুঁশ ফেরার পরে, হাজারবার ডাকলেও,
দোষ স্বীকার করে, কাকুতি মিনতি ঢেলে,
হাতে-পায়ে ধরে ক্ষমা চাইলেও
কিছুতেই আর পাশ ফিরলে না ।

অবশেষে ক্ষান্ত দিলাম 'সময় পেরিয়ে গেছে' বুঝে ।
জানি না, 
এরপরে কতগুলো দিন শুকনো পেরোতে হবে,
আর সব কিছু দিব্যি হয়েও যাবে,
অথচ সময় 
কিছুতেই আর অধীর আগ্রহে ধরা দেবে না ।

কোন মন্তব্য নেই: